নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন সংগঠনগুলোর নেতাকর্মীরা।
মিছিলটি লালদীঘির পাড়ে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আরএন রোডের ঢাকা ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পির সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। দলীয় কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধভাবে অংশ নিতে হবে। কেউ বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
বক্তারা আরও বলেন, গত ১৭ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। যশোরসহ খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় আন্দোলন-সংগ্রামে তাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ভবিষ্যতেও যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
দলীয় যেকোনো সংগঠন কর্মসূচি ঘোষণা করলে নেতাকর্মীদের দ্রুত রাজপথে উপস্থিত হওয়ার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুর রহমান সাগর। নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে, একই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এর আগে শহরের গুরুত্বপূর্ণ সড়কে মোটরসাইকেল মহড়া দেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। দিনভর জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান কর্মসূচিও পালন করেন দলীয় নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি শেষ হয়।
সদ্য সংবাদ/এজে