ন্যূনতম মজুরি বৃদ্ধি ও তিন দফা দাবি আদায়ে আবারও অস্থিরতা দেখা দিয়েছে সাভার ও আশুলিয়ার পোশাকশিল্প এলাকায়। বুধবার সকালে কয়েকটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের জেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়েছে।
শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমেও। সম্ভাব্য সহিংসতা এড়াতে আশুলিয়ার অন্তত ৫০টি কারখানাসহ সাভার ও পার্শ্ববর্তী এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার সকাল থেকে জামগড়া, নিশ্চিন্তপুর ও সাভারের হেমায়েতপুর এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্র জানায়, সকাল ৮টার দিকে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করলেও উৎপাদনকাজে অংশ না নিয়ে কর্মবিরতি পালন শুরু করেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে কয়েকশ শ্রমিক জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে জড়ো হন।
শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বিক্ষোভকারীদের একাংশ ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
একই সময়ে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায়ও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়। সেখানে পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড ও ম্যাক্সকম ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরা বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাওয়া দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
এদিকে আশুলিয়ার বেশ কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হলেও সাভারের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সকালে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণার পর শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের তৎপরতায় তাঁরা সড়কে নামতে পারেননি। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রমিকদের দাবি ঘিরে নতুন করে তৈরি হওয়া এই উত্তেজনায় শিল্পাঞ্চলের স্বাভাবিক কর্মপরিবেশ ধরে রাখা এবং দাবি-দাওয়া নিয়ে সৃষ্ট বিরোধের সমাধান এখন সংশ্লিষ্টদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সদ্য সংবাদ/এজে