সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আশুলিয়া থানার নরসিংহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআই মো. আব্দুল মুত্তালিবের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আসিফ ইসলাম ইছা (২৫) ও মো. ফারহান শেখ (২১)।
ঢাকা জেলা ডিবি সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তাঁদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মোট ওজন ৪০ গ্রাম।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তার আসিফ ইসলামের বিরুদ্ধে আগেও একটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/এজে