শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বাড়াতে খাগড়াছড়ির দীঘিনালায় বিশেষ কর্মসূচি পালন করেছে তৃণমূল উন্নয়ন সংস্থা। এ উদ্যোগের আওতায় ৪৫ শিক্ষার্থীর মধ্যে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাসামগ্রী নিয়ে তৈরি হাইজিন কিট বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দীঘিনালা অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সংস্থার প্রজেক্ট অফিসার সৌরব চাকমা, কর্মকর্তা তপন চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল হক এবং ১ নম্বর মেরুং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সমিরন চাকমা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমিরন চাকমা বলেন, শিশু-কিশোরদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করা প্রয়োজন। ছোটবেলা থেকেই এ বিষয়ে সচেতনতা তৈরি করা গেলে বিভিন্ন রোগ থেকে নিজেদের সুরক্ষিত রাখা সহজ হবে। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হাইজিন কিট বিতরণের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তৃণমূল উন্নয়ন সংস্থার কর্মকর্তা সৌরব চাকমা জানান, শিক্ষার্থীদের কল্যাণে স্বাস্থ্য সচেতনতা তৈরির পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে তাঁদের। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ের মোট ৪৫ জন শিক্ষার্থীর হাতে হাইজিন কিট তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারাও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সদ্য সংবাদ/এজে