সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে এক নারীর সঙ্গে একটি কক্ষে দেখা গেছে। তবে ভিডিওটি কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে বিছানায় বসে রয়েছেন মাওলানা ফেরদাউসুর রহমান। ভিডিওটি ধারণ করতে দেখা যায় ওই নারীকে। একপর্যায়ে তাঁকে উঠে নিজের পরনের লুঙ্গি ঠিক করতেও দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে মাওলানা ফেরদাউসুর রহমান জানান, ভিডিওটির ব্যাপারে তিনি কিছু জানেন না। এ নিয়ে পরে কথা বলবেন বলেও জানান তিনি।
এদিকে ঘটনাটি নিয়ে দলের অবস্থান জানতে চাইলে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, সংগঠনের কোনো নেতার বিরুদ্ধে শাস্তিযোগ্য বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/এসএস