এক টুকরো কম্বলই তাঁর আশ্রয়। খড়কুটার ওপর বিছানো সেই কম্বলে বসেই কাটছে দিন-রাত। মাথার ওপর খোলা আকাশ, চারপাশে কাঁটাতারের বেড়া। দুই পাশে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সতর্ক পাহারা। কখনো এদিকে, কখনো ওদিকে যাওয়ার চেষ্টা করছেন তিনি। কিন্তু কোনো দেশেই প্রবেশের সুযোগ হচ্ছে না। এভাবেই টানা চার দিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে আছেন আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী।
ঘটনাটি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের। গত মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর পর্যন্ত ওই নারীকে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে। তীব্র রোদ ও রাতের কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচেই কাটছে তাঁর সময়।
স্থানীয়রা জানান, সেখানকার নারীদের দেওয়া বিস্কুট ও পানি খেয়ে কোনোমতে দিন পার করছেন তিনি। মানবিক দিক বিবেচনায় দ্রুত এ পরিস্থিতির সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সীমান্তবর্তী এলাকার লোকজন জানান, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে বাধা দেন।
জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম, ঠিকানা বা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে তাঁকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, গত মঙ্গলবার সীমান্তে ওই নারীকে পুশইনের চেষ্টা করা হলেও বিজিবির কঠোর পাহারার কারণে তা সফল হয়নি। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি তৎপর রয়েছে বলেও জানান তিনি।
সদ্য সংবাদ/ এআর