নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লায় তাঁর মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ নামের পোশাক কারখানায় এ অভিযান চালানো হয়। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) অভিযানের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান।
কারখানাসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার বিকেলে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি কারখানার প্রধান ফটকে যান। তাঁরা নিজেদের গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের বিষয়ে জানতে চান।
এ সময় আনসার সদস্যরা তাঁদের জানান, কারখানায় ছুটি হয়ে যাওয়ায় প্রায় এক ঘণ্টা আগেই শ্রমিকেরা চলে গেছেন। ভেতরে তখন কেউ ছিলেন না। পরে কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যান ওই ব্যক্তিরা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, কয়েক দিন ধরে আলোচনা চলছিল, সেলিম ওসমান মাঝেমধ্যে ফতুল্লায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে আসেন। বৃহস্পতিবার তাঁর সেখানে আসার খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। তবে তাঁকে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, সেলিম ওসমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। তাঁর অবস্থান নিশ্চিত হওয়া গেলেই গ্রেপ্তার করা হবে।
এর আগে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর রাতেও সেলিম ওসমানকে গ্রেপ্তারে ফতুল্লা থানা-পুলিশ অভিযান চালিয়েছিল। তবে সেবারও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/ এআর