শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের নরসিংহপুর ফেরিঘাট এলাকায় কাকলী ফেরির সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষের পর ফেরিতে থাকা একটি ট্রাকের চাপায় তরিকুল ইসলাম (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও চার মাদ্রাসাছাত্র আহত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পদ্মা নদীতে নরসিংহপুর ফেরিঘাটের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম গোসাইরহাট উপজেলার মাইজারি গ্রামের বাসিন্দা। সে শরীয়তপুর থানা-সংলগ্ন সাওতুল কোরআন ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা শিক্ষা সফরে কক্সবাজার ও বান্দরবান যান। সফর শেষে শুক্রবার তাঁরা চাঁদপুরের হরিনা ফেরিঘাট থেকে কাকলী ফেরিতে করে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে ফিরছিলেন। ফেরিতে থাকা শিক্ষার্থী ও অভিভাবকদের নামিয়ে দেওয়ার পর কয়েকজন শিক্ষার্থী ফেরির সামনের অংশে অবস্থান করছিল। এ সময় বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে কাকলী ফেরির সংঘর্ষ হয়। এতে ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়। এ ঘটনায় আরও চার শিক্ষার্থী আহত হয়।
আহত শিক্ষার্থীরা হলো জুনাইত (৯), আবির হোসেন (১২), মাহাত ইসলাম (৯) ও ওসমান (১০)। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
সাওতুল কোরআন ক্যাডেট মাদ্রাসার মুহতামিম বলেন, শিক্ষা সফর শেষে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফেরির সামনের অংশে অবস্থান করায় শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হয়। ফেরি ও বাল্কহেডের সংঘর্ষের পর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে তরিকুল নিহত হয় এবং চারজন আহত হয়। বিষয়টি জানিয়ে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। ফেরি কর্তৃপক্ষের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জে এম আমির জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। সেখানে গিয়ে তাঁরা একজন নিহত ও চারজন আহত হওয়ার বিষয়টি জানতে পারেন। আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংহপুর নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাল্কহেডটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
অন্যদিকে, কাকলী ফেরির মাস্টার মোশাররফ হোসেন জানান, ফেরি চলাচলের সময় চ্যানেলে একটি বালুবাহী বাল্কহেড ঢুকে পড়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফেরিতে থাকা ট্রাকের চাপায় হতাহতের ঘটনা ঘটে। শিশুটির গলায় চাপ লাগায় তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে শিক্ষা সফর শেষে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সহপাঠী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।
সদ্য সংবাদ/ এআর