সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের পৌর শাখার সাধারণ সম্পাদক আলী হোসেন লুলুসহ বিভিন্ন মামলার ১৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের আটজন নেতাকর্মী, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন এবং বিভিন্ন মামলার অন্য আসামিরা রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে আটজন নেতাকর্মীসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উল্লাপাড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/ এআর