আলোকসজ্জা, দৃষ্টিনন্দন মণ্ডপ আর নানা আয়োজনে উৎসবমুখর হয়ে উঠেছে মাগুরা। আজ থেকে শুরু হচ্ছে জেলার ঐতিহ্যবাহী পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী কাত্যায়নী পূজা। এ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় শেষ হয়েছে পূজামণ্ডপ সাজানোর প্রস্তুতি। উৎসবকে ঘিরে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্তের দর্শনার্থীদের আগমনের অপেক্ষায় আয়োজকেরা।
এ বছর মাগুরার চার উপজেলাসহ পৌর এলাকায় মোট ১০২টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে এ পূজা। প্রতিটি মণ্ডপে রয়েছে আলাদা সাজসজ্জার আয়োজন। কোথাও প্লাস্টিকের চামচ, আবার কোথাও বাঁশের ছটা ব্যবহার করে তৈরি করা হয়েছে নান্দনিক প্রবেশপথ। শহরের জামরুলতলা, সাতদোহাপাড়া, নতুন বাজার, বাটিকাডাঙ্গা, শিবরামপুর ও নিজনান্দুয়ালীসহ বিভিন্ন এলাকার মণ্ডপগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে বৈচিত্র্যময় শিল্পকর্ম।
স্থানীয় ইতিহাস অনুযায়ী, ১৯৫০ সালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় সতীশ মাঝির উদ্যোগে সীমিত পরিসরে কাত্যায়নী পূজার সূচনা হয়। দীর্ঘ সময়ের পথপরিক্রমায় সেই আয়োজন এখন বৃহৎ উৎসবে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিদেশ থেকেও দর্শনার্থীরা এ উৎসব দেখতে আসেন।
পূজাকে কেন্দ্র করে বসবে ঐতিহ্যবাহী মেলা। ফলে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি উৎসবের আনন্দে মুখর থাকবে পুরো এলাকা। পাঁচ দিনের এ আয়োজন নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিয়েছেন আয়োজকেরা।
এদিকে উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পূজামণ্ডপগুলোতে পুলিশ মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি। গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, ১০২টি পূজামণ্ডপের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
সব মিলিয়ে ধর্মীয় উৎসব আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কাত্যায়নী পূজাকে ঘিরে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরেছে মাগুরাজুড়ে।
সদ্য সংবাদ/এসএস