জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬ ১৮:৩৩:৪৮
ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির ঘটনায় এবার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনটি জন্মনিবন্ধন সনদে অনিয়ম, নাগরিকত্ব যাচাইয়ে ব্যর্থতা এবং দাপ্তরিক দায়িত্বে অবহেলার অভিযোগে মো. সালাহউদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

রোববার (১৫ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়। এর আগে গত ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম।

মন্ত্রণালয়ের তদন্তে উঠে এসেছে, ফতেহাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অধীন তিনটি জন্মনিবন্ধন সনদে দেওয়া স্থায়ী ঠিকানার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এমনকি সনদধারীরা ওই ইউনিয়নের বাসিন্দাও নন। আবেদনকারীদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই না করেই নিবন্ধন সম্পন্ন করার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে।

এ ছাড়া নিবন্ধকের ব্যক্তিগত ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্যের কাছে সংরক্ষণের বিষয়টিও দায়িত্বে গুরুতর অবহেলা হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব অনিয়মের কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ৪ জানুয়ারি। অভিযোগ রয়েছে, কক্সবাজারের উত্তর রুমালিয়াছড়া এলাকার তিন রোহিঙ্গা নাগরিক সাইমুন ইসলাম সাজ্জাদ, মুবিনা খাতুন ও হাফিছার নামে বাংলাদেশি জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হয়। ওই সময় ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ অসুস্থতাজনিত ছুটিতে থাকায় প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন সালাহ উদ্দিন।

বিষয়টি নিয়ে চলতি বছরের ২ আগস্ট স্থানীয় এক ব্যক্তি প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। পরে ৬ আগস্ট কুমিল্লার জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি ২৩ জনের জন্মনিবন্ধনের তথ্য যাচাই করে কারও স্থায়ী ঠিকানার সত্যতা পায়নি। এ কারণে সংশ্লিষ্ট নিবন্ধনগুলো বাতিলের সুপারিশ করে প্রতিবেদন জমা দেওয়া হয়।

উল্লেখ্য, একই ঘটনায় এর আগে গত ৩ সেপ্টেম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সচিব মো. নজরুল ইসলামকেও সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

অন্যদিকে, বরখাস্তের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন জানান, তিনি নিয়মিত পরিষদে যান না এবং এখনো বরখাস্তের কোনো আনুষ্ঠানিক আদেশ হাতে পাননি। তদন্ত কমিটির প্রধান ও দেবিদ্বারের ইউএনও জানিয়েছেন, প্রজ্ঞাপনের কপি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার সদ্য. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার সদ্য. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ঘোষণা অর্ধশতাধিক কারখানা সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান