দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া। সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু ও তাঁর পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নির্যাতন, হামলা, মামলা, হয়রানি এবং সম্পদ লুটের অভিযোগ তুলে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) সকালে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের সিদ্ধান্তের কথা জানান দেলোয়ার হোসেন। লিখিত বক্তব্যে তিনি রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা এবং নির্যাতনের অভিযোগ তুলে ধরেন।
দেলোয়ার হোসেন জানান, ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু। ১৯৯৭ সালে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রলীগের মুখ্য সাধারণ সম্পাদক এবং পরের বছর ফরিদপুর জেলা ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সভাপতি ও সভাপতির দায়িত্ব পান। ২০০৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন তিনি।
তাঁর অভিযোগ, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু ও তাঁর পরিবারের সদস্যদের কারণে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়। ২০১৫ সালের ১৯ আগস্ট ইউসুফদিয়া বাজারে একটি জনসভা চলাকালে লাবু চৌধুরীর উপস্থিতিতে তাঁর দুই ছেলে বায়তুল ও বাবুল চৌধুরী তাঁকে মারধর করেন বলে দাবি করেন তিনি। ওই ঘটনার পর তাঁর বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং মূল্যবান জিনিসপত্র লুটের অভিযোগও করেন দেলোয়ার।
তিনি আরও দাবি করেন, ওই ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে ১৬টি মামলা করা হয়। এমনকি হাসপাতাল থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এসব মামলায় প্রায় এক বছর কারাভোগের পর আদালত থেকে অব্যাহতি পেয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।
দেলোয়ার হোসেনের ভাষ্য, সাবেক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর লাবু চৌধুরীর পরিবার ও সালথার আটটি ইউনিয়নের নেতাকর্মীদের ওপরও নির্যাতন, মামলা ও হয়রানি চালানো হয়েছে। পরিস্থিতির বিষয়ে কেন্দ্রীয় নেতাদের অবহিত করেও কোনো সমাধান পাননি বলে অভিযোগ তাঁর।
নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। সাধারণ মানুষ ও রাজনৈতিক সহকর্মীদের জন্য প্রত্যাশিতভাবে কাজ করতে না পারায় পদে থাকার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। এ কারণে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ এবং জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যপদ ছেড়ে রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও সাধারণ মানুষের কাছে নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান তিনি। একই সঙ্গে তাঁদের কাছ থেকে পাওয়া সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে স্থানীয় সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু এলাকায় নেই। তিনি দেশের বাইরে অবস্থান করছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। সংবাদ সম্মেলনে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। সংশ্লিষ্ট অন্যদের মুঠোফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস