জামালপুরের গেইটপার ফ্লাইওভারে পড়ে থাকা বোমা সদৃশ একটি বস্তু ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল অভিযান চালিয়ে বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৫টা ২৬ মিনিটের দিকে ফ্লাইওভারের ওপর বস্তুটি দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিরাপত্তার স্বার্থে ফ্লাইওভার ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পরিস্থিতি মোকাবিলায় ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে ২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা ও নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেন।
পরে রাত সাড়ে ১১টার দিকে ফ্লাইওভারসংলগ্ন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে বিশেষ প্রক্রিয়ায় বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে আসে।
এদিকে, সন্দেহজনক কোনো বস্তু চোখে পড়লে সেটিতে হাত না দিয়ে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব না ছড়ানোরও অনুরোধ করা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস