যশোরের ঝিকরগাছায় ছেলের পরীক্ষার ফল নিয়ে অসন্তোষের জেরে এক প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রধান শিক্ষকের নাম ব্রাদার সঞ্চয় ম্যাথিয়াস রোজারিও।
বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, সোমবার (১৬ নভেম্বর) এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী আরফিন আহমেদ ছয়টি বিষয়ে অকৃতকার্য হয়। ফলাফল নিয়ে ক্ষুব্ধ হয়ে পরদিন সকালে তার বাবা ইউনুস আলী (৪০) প্রধান শিক্ষকের কার্যালয়ে যান। সেখানে কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বিদ্যালয়ের ১২ জন শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ ঝিকরগাছা থানায় জমা দেওয়া হয়েছে। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তির স্ত্রীও বিদ্যালয়ে গিয়ে শিক্ষক-কর্মচারীদের হুমকি দিয়েছেন। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদ জানিয়েছে ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি। সংগঠনটির সভাপতি মো. আহাছান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন সোহাগ যৌথ বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান। তাঁরা বলেন, একজন শিক্ষকের ওপর এ ধরনের হামলা পুরো শিক্ষক সমাজ ও শিক্ষা ব্যবস্থার ওপর আঘাতের শামিল। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তাঁরা।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত ইউনুস আলীকে আটক করা হয়েছে।
সদ্য সংবাদ/এজে