রাজধানীর মিরপুরে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বাসার ভেতরে থাকা আসবাবপত্র ও ক্রেস্ট ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুর ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে জানা গেছে। ২০২৪ সালের ৫ আগস্টের আগপর্যন্ত মাইনুল হোসেন নিখিল ওই বাসায় থাকতেন। অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ছাত্রদলের ৪০ থেকে ৫০ জনের একটি দল নিখিলের বাসায় যায়। প্রথমে বাসার নিচে থাকা তাঁর কার্যালয়ের কাচ ভাঙচুর করেন তাঁরা। পরে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ও ক্রেস্ট ভাঙচুর করেন। একপর্যায়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘যুবলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আমার সোনার বাংলায়, যুবলীগের ঠাঁই নাই’ স্লোগান দেন। প্রায় আধা ঘণ্টা ভাঙচুরের পর তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।
ভাঙচুরের ঘটনা স্বীকার করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহমেদ প্রথম আলোকে বলেন, যুবলীগ একটি নিষিদ্ধ সংগঠন। এই সংগঠনের সাধারণ সম্পাদক নিখিলের নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। ভাঙচুরের মাধ্যমে তাঁকে সতর্ক করা হয়েছে।
আকরাম আহমেদ আরও বলেন, গোপালগঞ্জে সংসদ সদস্যসহ বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে এবং তাঁদের মারধর করা হচ্ছে। তাঁরা সতর্ক না হলে দেশের কোথাও শান্তিতে থাকতে পারবেন না।
এদিকে একই দিন বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ২৫ থেকে ৩০ জনের একটি দল মিছিল নিয়ে এসে বাড়িটির নিচতলার গ্যারেজে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায়। এ ছাড়া নিচতলায় নিরাপত্তাকর্মীদের কক্ষও ভাঙচুর করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাড়িটির নিরাপত্তাকর্মী মো. বিজয় প্রথম আলোকে বলেন, দুপুরে একদল লোক বাড়িতে প্রবেশ করে ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগান দেন। এরপর নিচতলায় থাকা আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। নিচতলার একটি কক্ষও ভাঙচুর করেন তাঁরা। কক্ষটি একসময় মেজবাউল হক সাচ্চুর কার্যালয় ছিল বলে জানান তিনি।
মো. বিজয় আরও বলেন, ভাঙচুরে বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়। তবে হামলাকারীরা কোন দলের নেতাকর্মী, তা তিনি জানেন না।
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, তিনি ঘটনার খবর শুনেছেন। তবে মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে বিস্তারিত খোঁজ নিতে পারেননি। এসব ঘটনায় ভুক্তভোগীরা আইনি সহায়তা চাইলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সদ্য সংবাদ/ এআর