যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আন্তর্জাতিক হ্যাকাথন ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দল ‘Galactic Poet’। গত ১৭ নভেম্বর ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে দলটির নাম ঘোষণা করা হয়।
জবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পাঁচ শিক্ষার্থী নিয়ে গঠিত দলটির নেতৃত্বে রয়েছেন মুয়াম্মার তাজওয়ার আসফি। দলের অন্য সদস্যরা হলেন মো. রমজান মিয়া, অতসী শর্মা, সুস্মিতা ঘোষ ও জিহাদ রহমান।
এবারের প্রতিযোগিতায় দলটির প্রকল্পের নাম ‘Rover Villa’। মহাকাশ অভিযানে ব্যবহৃত রোবট, রোভার, ল্যান্ডার ও প্রোব এবং সেগুলোর অভিযানকে জাদুঘরের আদলে উপস্থাপন করেছেন তাঁরা। প্রকল্পটিতে প্রতিটি মহাকাশযন্ত্রের ইতিহাস ও অভিযানের গল্প এমনভাবে সাজানো হয়েছে, যাতে স্কুলশিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা মহাকাশ নিয়ে আগ্রহী যে কেউ সহজেই সেগুলো সম্পর্কে জানতে পারেন।
দলের দলনেতা মুয়াম্মার তাজওয়ার আসফি এর আগে ২০২৪ সালের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়া জবির ‘Quantum Voyager’ দলের সদস্য ছিলেন।
জয়ের অনুভূতি জানিয়ে আসফি বলেন, “এই জয় আমাদের পুরো দলের কাছে অনেক বড় পাওয়া। আমরা যেখানে কখনো যেতে পারিনি, এই যন্ত্রগুলো সেখানে পৌঁছে গেছে। আমরা চেয়েছি, স্কুলের শিশুরা যেমন মহান মানুষদের গল্প জানে, তেমনি এই যন্ত্রগুলোর গল্পও জানুক। ওদের অভিযান শেষ হয়েছে, কিন্তু গল্প শেষ হয়নি। সেই গল্প আমরা মানুষের কাছে পৌঁছে দিয়ে যাব।”
স্থানীয় পর্বে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ‘Galactic Poet’ গ্লোবাল রাউন্ডের জন্য মনোনীত হয়েছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে তাদের প্রকল্প। আগামী ৩ ডিসেম্বর গ্লোবাল রাউন্ডের জন্য মনোনীত দলগুলোর নাম ঘোষণার কথা রয়েছে।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য সাইফুল ইসলাম এবং ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট পরিচালক স্কট হার্টম্যান।
পৃথিবী ও মহাকাশবিষয়ক বিভিন্ন সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে নাসা প্রতিবছর এ আন্তর্জাতিক হ্যাকাথনের আয়োজন করে। এ বছর ১৪ ও ১৫ নভেম্বর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। স্পেস অ্যাপসের অফিশিয়াল ইভেন্ট তালিকা অনুযায়ী, এবার ১১০টির বেশি দেশ ও অঞ্চলে প্রায় ৬০০টি স্থানীয় ইভেন্টে দলগুলো অংশ নেয়। বাংলাদেশে আয়োজন করা হয় নয়টি স্থানীয় ইভেন্ট।
সদ্য সংবাদ/ এআর