নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ব্রিজের ঢালে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে বাসটিতে যাত্রীবেশে উঠে এক ব্যক্তি আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তবে চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কাঁচপুর ব্রিজের পাশে যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে বাসটি থামানো ছিল। এ সময় সাধারণ যাত্রীর পরিচয়ে এক ব্যক্তি বাসে ওঠে। পরে বাসের ভেতরে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে সরে পড়ে সে।
আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে বাসের চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল রানা জানান, যাত্রীবেশে বাসে উঠে এক দুর্বৃত্ত অগ্নিসংযোগ করে পালিয়ে গেছে। তবে বাসের লোকজন দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হননি।
তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
সদ্য সংবাদ/এজে