বরিশাল নগরীর বটতলা এলাকায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে একদল দুর্বৃত্ত বাড়িটিতে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করে। পরে নিচতলায় থাকা নিরাপত্তাকর্মীর কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ভোর আনুমানিক ৪টার দিকে হামলার ঘটনা ঘটে। এ সময় বাড়ির বিভিন্ন অংশ লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে জানালার কাচ ভেঙে যায়। হামলাকারীরা বাড়ির সামনের কয়েকটি সাইনবোর্ডেও আগুন দেয়।
অগ্নিসংযোগে বাড়িটির মূল কাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নিচে থাকা নিরাপত্তাকর্মীর কক্ষটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার মধ্যে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের বাসভবনেও হামলার খবর পাওয়া গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে আগুন দেওয়ার খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর কাছে তাৎক্ষণিকভাবে ছিল না।
ঘটনার সঙ্গে কারা জড়িত, কী কারণে হামলা চালানো হয়েছে এবং এ ঘটনায় কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/এজে