মাগুরা শহরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভেতর থেকে বেরিয়ে এসে এক কলেজশিক্ষার্থীর পথরোধ করে ছিনতাই ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এমন ঘটনায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
আহত শিক্ষার্থীর নাম ইমরান। তাঁর গ্রামের বাড়ি মাগুরার হাজিপুর এলাকায়। তিনি মাগুরা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। লেখাপড়ার সুবাদে শহরের কলেজপাড়া ছাত্রাবাসে থাকেন।
জানা গেছে, ভায়না এলাকা থেকে যাওয়ার পথে মাগুরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিদ্যালয়ের ভেতর থেকে কয়েকজন দুর্বৃত্ত বেরিয়ে এসে তাঁর পথরোধ করে। এ সময় তাঁর কাছে থাকা সবকিছু দিয়ে দেওয়ার হুমকি দেয় তারা।
একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো চাকু দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। পরে তাঁর সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে কয়েকজন পথচারী উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর থেকে বেরিয়ে এসে এভাবে একজন কলেজশিক্ষার্থীর ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশেও যদি সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে না পারেন, তাহলে জননিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
মাদকসেবী ও অপরাধীদের এমন দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।
সদ্য সংবাদ/ এরআর