গত দুই দিন ধরে সুনামগঞ্জে সূর্যের দেখা নেই। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বদলে গেছে এ অঞ্চলের আবহাওয়া। ভেজা ঠান্ডা বাতাসে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের অনুভূতি। বৃষ্টির কারণে শহরের স্বাভাবিক চলাচলেও কিছুটা ছন্দপতন ঘটেছে। শীতের আগমনে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে ফুটপাতে শীতের পোশাক নিয়ে বসা ব্যবসায়ীরা ইতোমধ্যে নানা কৌশল অবলম্বন করছেন।
এমনই একজন সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে শীতের পোশাক নিয়ে বসা ব্যবসায়ী জুনেদ মিয়া। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সঙ্গীকে নিয়ে তিনি হাঁক দিচ্ছেন, ‘আপা, আপা করিস না, ৩০ টাকা পাইবা না। এক দাম, এক রেট, ৩০ টাকা পাইবা না।’ তাঁর এমন স্লোগান শুনে কেউ মজার ছলে ভিডিও করছেন, আবার অনেকে দোকানে ভিড় করে ৩০ টাকায় ছোট-বড় বিভিন্ন সাইজের শীতের পোশাক কিনছেন।
ব্যবসায়ী জুনেদ মিয়া বলেন, বর্তমানে সুনামগঞ্জে সূর্যের দেখা নেই। শীতও পড়েছে। কিন্তু দোকানে ক্রেতার সমাগম কম। তাই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে ভিন্ন এ পদ্ধতি বেছে নিয়েছেন তিনি।
এদিকে, হাওরাঞ্চলে বোরো বীজতলা তৈরির জন্য আরও বৃষ্টির প্রত্যাশা করছেন কৃষকরা। আবহাওয়ার এ পরিবর্তনে শিশুদের স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সাধারণত নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই শীতের অনুভূতি বাড়তে শুরু করে। এ সময় অনেকেই লেপ-কম্বল বের করেন এবং শীতের পোশাক কেনার প্রস্তুতি নেন। তবে এবার নভেম্বরের শেষ দিকে এসে জেলায় শীতের প্রকোপ বাড়ছে। এর সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির প্রভাব পড়েছে শহরের দৈনন্দিন জীবনেও।
রোববার (২২ নভেম্বর) সুনামগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গত দুই দিন ধরে জেলার হাটবাজার ও সড়কে মানুষের চলাচল অন্যান্য দিনের তুলনায় অনেক কম। বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া অনেকেই বাড়ি থেকে বের হচ্ছেন না। এতে সড়কে যাত্রী কম থাকায় রিকশাচালকসহ পরিবহনশ্রমিকদের আয়েও প্রভাব পড়েছে।
কাজীর পয়েন্টে রিকশা নিয়ে বসে থাকা চালক ইমন মিয়া বলেন, গত দুই দিন ধরে সুনামগঞ্জে সূর্যের দেখা নেই। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বাতাসের কারণে হাটবাজারে মানুষের উপস্থিতি কম। কয়েক দিন আগেও সারাদিনে এক হাজার টাকা আয় হতো। এখন কোনো রকমে ৫০০ থেকে ৬০০ টাকা আয় হচ্ছে।
এদিকে, শীতের আগমনী বার্তায় গরম কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের আগ্রহ বাড়তে শুরু করেছে। বিশেষ করে শিশুদের শীতের পোশাক কিনতে কেউ কেউ আগেভাগেই বাজারে আসছেন। শহরের আলফাত স্কয়ারসংলগ্ন পুরোনো শীতের পোশাকের দোকানি সুয়েব মিয়া বলেন, এ বৃষ্টির পরই মূলত শীত শুরু হবে। মানুষ শীতের পোশাক দেখছেন, পছন্দ হলে কিনেও নিয়ে যাচ্ছেন। তবে শিশু, বৃদ্ধ ও নারীদের পোশাক বেশি বিক্রি হচ্ছে।
শীতের পোশাকের দোকানি তানভীর মিয়া বলেন, গত দুই দিন ধরে এ অঞ্চলে শীতের প্রকোপ দেখা দিয়েছে। এতে শীতের পোশাকের বেচাকেনা শুরু হয়েছে। অনেক ক্রেতা দোকানে আসছেন, পোশাক দেখছেন। দামদর মিলে গেলে কিনে নিয়ে যাচ্ছেন।
তবে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের কাছে শীতের পোশাক কেনা প্রয়োজন হলেও এটি বাড়তি ব্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে হিমশিম খেতে হচ্ছে অনেককে।
ক্রেতা হারুন মিয়া বলেন, ‘শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শিশুদের জন্য শীতের পোশাক কেনা অনেকটা কষ্টের বিষয়। তারপরও কিনতে হচ্ছে। তবে আমার পুরোনো যে শীতের কাপড় রয়েছে, সেগুলো দিয়েই কোনোভাবে এ বছরের শীত পার করে দেব।’
এদিকে, গত দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। চলতি মৌসুমে হাওরাঞ্চলের বিভিন্ন এলাকায় শুষ্ক আবহাওয়ায় মাটি শুকিয়ে যাওয়ায় বোরো বীজতলা তৈরিতে সমস্যা দেখা দিয়েছে। কোথাও কোথাও জমিতে ফাটল ধরেছে। এমন পরিস্থিতিতে সামান্য বৃষ্টিতে মাটিতে কিছুটা আর্দ্রতা ফিরলেও বীজতলা তৈরির জন্য তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন কৃষকরা। তাঁদের মতে, আরও কিছুটা বৃষ্টি হলে জমি চাষ ও বীজতলা তৈরির কাজ সহজ হবে।
দেখার হাওরের কৃষক নিশান মিয়া জাগো নিউজকে বলেন, ‘এ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে এটি পর্যাপ্ত নয়। আরও বৃষ্টি হলে এ জেলার কৃষকদের জন্য অনেক উপকার হবে।’
এ বিষয়ে সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক বলেন, বৃষ্টি হওয়ায় হাওরাঞ্চলের কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। পানির অভাবে হাওরের মাটিতে যে ফাটল দেখা দিয়েছিল এবং বীজতলা তৈরির উপযোগী পরিবেশ ছিল না, বৃষ্টির কারণে মাটিতে এখন কিছুটা আর্দ্রতা ফিরেছে। ফলে কৃষকরা জমি চাষ করে বীজতলা তৈরি করতে পারবেন। এ ছাড়া মাটি শুকিয়ে যাওয়ায় যেসব কৃষক শাকসবজির আবাদ করতে পারছিলেন না, তাঁরাও এখন নতুন করে আবাদ করতে পারবেন।
তিনি আরও বলেন, বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়লে ভালো হতো। তবে অতিরিক্ত বৃষ্টি হলে যেসব কৃষকের পাকা ধান রয়েছে, তাঁদের ধান কাটা ও শুকানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই মাঝেমধ্যে পরিমিত বৃষ্টি কৃষির জন্য উপকারী।
অন্যদিকে, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে শিশুদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টিও সামনে এসেছে। শীতের শুরুতে তাপমাত্রা ও আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুদের বিভিন্ন ভাইরাসজনিত অসুস্থতা দেখা দিতে পারে বলে জানিয়েছেন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সৈকত দাস।
তিনি বলেন, হঠাৎ করে শীতের প্রকোপ বেড়েছে। এতে হাওরাঞ্চলে রোটাভাইরাসজনিত ডায়রিয়া, নিউমোনিয়া ও ব্রঙ্কিওলাইটিসের মতো শ্বাসতন্ত্রের সংক্রমণ দেখা দিতে পারে। যেসব শিশুর আগে থেকেই হাঁপানির সমস্যা রয়েছে, তাদের শারীরিক জটিলতাও বেড়ে যেতে পারে। এ অবস্থায় শিশুদের সাধারণ সর্দি-কাশি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি শিশুর মধ্যে নিউমোনিয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে কি না, সেদিকেও বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
সদ্য সংবাদ/ এরআর