লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তবর্তী এলাকায় চিতাবাঘের উপস্থিতির খবরকে কেন্দ্র করে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। সম্ভাব্য অবস্থান শনাক্ত করতে রোববার বিকেলে লাঠিসোঁটা নিয়ে একটি বাঁশঝাড় ঘিরে তল্লাশি চালান স্থানীয় বাসিন্দারা। তবে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও বন্য প্রাণীটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে, আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯০৫-এর আশপাশে। স্থানীয়দের দাবি, কয়েক দিন ধরে ওই এলাকার বাঁশঝাড় থেকে চিতাবাঘ বের হওয়ার খবর ছড়িয়ে পড়ছে। এতে সন্ধ্যা হলেই আতঙ্কিত হয়ে পড়ছেন সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রোববার বিকেলেও বাঁশঝাড়ের আশপাশে বাঘ দেখার খবর ছড়িয়ে পড়লে অনেকে একত্রিত হন। পরে লাঠিসোঁটা হাতে সম্ভাব্য আশ্রয়স্থল ঘিরে অনুসন্ধান চালানো হয়। একপর্যায়ে বাঘের কোনো সন্ধান না পেয়ে তারা ফিরে যান।
গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোব্বেরুল হক মনা জানান, বাঘ বের হওয়ার খবর শুনে স্থানীয়রা বাঁশঝাড়ে তল্লাশি চালিয়েছিলেন। তবে সেখানে বাঘের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে এলাকাবাসীর উদ্বেগের পেছনে রয়েছে গত ২৫ অক্টোবরের একটি ঘটনা। সেদিন আমঝোল সীমান্ত এলাকায় ছাগলকে আক্রমণ করতে দেখে চিতাবাঘটির হাত থেকে সেটিকে রক্ষা করতে গিয়ে শরীফা বেগম আক্রান্ত হন। পরে নজরুল ইসলাম ও আফছার আলী এগিয়ে এলে তারাও বাঘের হামলার শিকার হন। ওই ঘটনায় তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার পরদিন বন বিভাগের বিশেষজ্ঞ দল এলাকায় গিয়ে চিতাবাঘটির সন্ধানে অভিযান শুরু করে। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুসন্ধান চালিয়েও প্রাণীটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। পরে অভিযান শেষ করে দলটি ঢাকায় ফিরে যায়।
দীর্ঘদিন পেরিয়ে গেলেও বাঘটির সন্ধান না মেলায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক কাটছে না। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা নিজেদের ও গবাদিপশুর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন।
সদ্য সংবাদ/এজে