জরুরি কারিগরি কাজের জন্য মানিকগঞ্জ ও ঢাকার ধামরাই উপজেলার ১০টি এলাকায় টানা এক দিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই সাময়িক বিচ্ছিন্নতা চলবে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল পর্যন্ত। এতে আবাসিক বাসাবাড়ি থেকে শুরু করে বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ সব ধরনের গ্রাহক গ্যাস সংকটে পড়বেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ধামরাই ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশনের (ডিআরএস) আধুনিকায়ন এবং নতুন মিটারিং ব্যবস্থা স্থাপনের কাজ করা হবে। এ কারণে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে।
গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকা এলাকাগুলো হলো—মানিকগঞ্জ সদর, সাটুরিয়া, শিবালয়, ইসলামপুর, বারবাড়িয়া, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর ও শ্রীরামপুর।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু নির্ধারিত ১০টি এলাকাই নয়, এর আশপাশের অঞ্চলগুলোতেও ওই সময়ে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। ফলে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে সাময়িক অসুবিধার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই রান্না ও প্রয়োজনীয় কাজ সেরে রাখার পাশাপাশি বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে গ্রাহকদের। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সদ্য সংবাদ/এজে