নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে কুমিল্লার দক্ষিণ জেলা যুবদলের এক কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই কর্মীর নাম আজহারুল ইসলাম। তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহায়তার অভিযোগও এনেছে যুবদল।
বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আজহারুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও আহ্বান জানানো হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, আজহারুল নিজেকে বারপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে পরিচয় দিলেও তাঁর কোনো সাংগঠনিক পদ ছিল না। তিনি সংগঠনের একজন সাধারণ কর্মী ছিলেন।
কুমিল্লা মহানগর নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনকে নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে আজহারুলের বিরুদ্ধে। বিষয়টি জানার পরই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন।
পুলিশের তথ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মোশাররফ হোসেন ভারতে চলে যান। পরে দেশে ফিরে আজহারুল ইসলামের বাড়িতে অবস্থান করছিলেন তিনি। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এদিকে আজহারুলের সঙ্গে সদর দক্ষিণ উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ওরফে খোকার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তাঁরা আপন খালাতো ভাই। স্থানীয় কয়েকজনের ধারণা, এই পারিবারিক সম্পর্কের সূত্র ধরেই মোশাররফকে আশ্রয় দেওয়া হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/এজে