১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে প্রতিবাদ জানান দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের দরগা রোডে অবস্থিত দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ, সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম।
তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশের বাইরে থেকে বিভিন্নভাবে উসকানি দিয়ে জননিরাপত্তা হুমকির মুখে ফেলছে। কিন্তু বর্তমান সরকার এসব নৈরাজ্য প্রতিহত করে জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
সদ্য সংবাদ/ এরআর