গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে। ঘোড়ার ক্ষিপ্রগতির দৌড়, প্রতিযোগীদের হাড্ডাহাড্ডি লড়াই আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। বিভিন্ন জেলা থেকে আসা ৫০টি ঘোড়ার অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে ভিড় করেন হাজারো মানুষ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের কার্তিকতলা এলাকায় ভূল্লী নদীর মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বারের মতো কার্তিকতলা যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ঘোড়দৌড় প্রতিযোগিতা ঘিরে সকাল থেকেই স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রতিযোগিতা শুরুর আগেই মাঠের চারপাশে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী দর্শনার্থীরা। নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশুদের উপস্থিতিতে একপর্যায়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। ঘোড়ার দৌড় শুরু হতেই দর্শকদের করতালি, উল্লাস আর আনন্দ-উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। প্রতিটি দৌড়েই ছিল উত্তেজনা আর জয়-পরাজয়ের টানটান লড়াই।
দর্শনার্থীরা জানান, একসময় গ্রামবাংলার বিভিন্ন এলাকায় ঘোড়দৌড় ছিল অন্যতম জনপ্রিয় বিনোদন। সময়ের পরিবর্তনে এ ধরনের আয়োজন কমে গেলেও কার্তিকতলা যুবসমাজের উদ্যোগে আবারও সেই পুরোনো ঐতিহ্য ফিরে আসছে। এমন আয়োজন নিয়মিত হলে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মও এ খেলার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
দর্শক আরিফ হাসান বলেন, ‘গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে পেরে খুবই ভালো লাগছে। একসময় এ ধরনের খেলা গ্রামাঞ্চলে ব্যাপক জনপ্রিয় ছিল। বর্তমানে এমন আয়োজন খুব একটা দেখা যায় না। ৫০টি ঘোড়ার অংশগ্রহণে এবারের প্রতিযোগিতা সত্যিই উপভোগ্য হয়েছে। পরিবার-পরিজন নিয়ে এমন আয়োজন দেখতে পেরে আমরা আনন্দিত। এ ধরনের উদ্যোগ প্রতিবছর অব্যাহত থাকলে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।’
কার্তিকতলা যুবসমাজ ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি আব্দুল মান্নান বলেন, ‘গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় খেলাকে বাঁচিয়ে রাখা এবং নতুন প্রজন্মের কাছে পরিচিত করতেই প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করা হয়েছে। খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখাই আমাদের অন্যতম উদ্দেশ্য। সবার সহযোগিতা পেলে আগামীতে আরও বড় পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।’
প্রতিযোগিতায় ময়মনসিংহ, গাইবান্ধাসহ বিভিন্ন জেলা থেকে মোট ৫০টি ঘোড়া অংশ নেয়। দীর্ঘ প্রতিযোগিতা শেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নীলফামারীর এক প্রতিযোগী চ্যাম্পিয়ন এবং তারাগঞ্জ উপজেলার এক প্রতিযোগী রানারআপ হন। বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি গরু এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি এলইডি টেলিভিশন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সহসভাপতি নাজিমুল ইসলাম লাল। এ ছাড়া উপস্থিত ছিলেন শুখানপুকুরী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, প্যানেল চেয়ারম্যান সুমন রানা মান্নান এবং ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, ঘোড়দৌড় গ্রামবাংলার শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার ছোঁয়ায় এ ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা দিন দিন হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই। পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হলে যুবসমাজ মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকতে উৎসাহিত হবে। তাই এ আয়োজন অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পরিসরে ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান তাঁরা।
দর্শনার্থীদের দাবি, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের অংশ। তাই এ ধরনের আয়োজন যেন শুধু নির্দিষ্ট কোনো দিনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। প্রতিবছর নিয়মিতভাবে আরও বড় পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হলে নতুন প্রজন্ম গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রতিযোগিতাটিকে আরও আকর্ষণীয় ও উৎসবমুখর করে তোলার দাবি জানান তাঁরা।
সদ্য সংবাদ/ এরআর