শরীয়তপুরের গোসাইরহাটে ছয় বছর বয়সী এক শিশুকে শনপাপড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় মো. ছাইদুল মন্ডল (২৬) নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলাওলপুর ইউনিয়নের ছাদেম আলী বেপারী গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ছাইদুল একই ইউনিয়নের আবছার মন্ডলের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের রাস্তায় বের হয়েছিল শিশুটি। এ সময় শনপাপড়ি কিনে দেওয়ার কথা বলে তাকে পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যান ছাইদুল। সেখানে শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ঘটনাটি স্থানীয় কয়েকজনের নজরে এলে তারা অভিযুক্ত যুবককে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গোসাইরহাট থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত ছাইদুলকে গ্রেপ্তারের পর বুধবার শরীয়তপুর আদালতে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস