পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠেছে গুচ্ছ পদ্ধতি। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভর্তি কার্যক্রমে বর্তমানে ২০টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রতিষ্ঠানে স্নাতক প্রথম বর্ষে মোট আসন রয়েছে ১৬ হাজার ৯৩টি। নতুন করে আরও চারটি বিশ্ববিদ্যালয় যুক্ত হলে আসনসংখ্যা ১৬ হাজার ৬৪৩ পর্যন্ত হতে পারে।
সম্ভাব্য নতুন বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় রয়েছে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়। তবে প্রতিষ্ঠানগুলোর গুচ্ছ ভর্তি ব্যবস্থায় অন্তর্ভুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন প্রয়োজন।
গত ১ নভেম্বর প্রকাশিত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের আসনসংক্রান্ত হালনাগাদ তথ্যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর আসনসংখ্যা তুলে ধরা হয়েছে। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ২ হাজার ৫১৫টি আসন রয়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬১১, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৮০, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৭০ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৯৫টি আসন নির্ধারিত হয়েছে।
এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১৭৫, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯৫০, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৭৫, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৮৫০ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৩০টি আসন রয়েছে।
অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ৩৯০, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজিতে ২২০, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০৪ এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯০টি আসন রয়েছে। পাশাপাশি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭২, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬০, নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬০, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ১২৬ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন নির্ধারণ করা হয়েছে।
সম্ভাব্য নতুন চার প্রতিষ্ঠানের মধ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি বিভাগের অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, বিভাগ দুটিতে মোট আসন থাকতে পারে ৮০ থেকে ১০০টি।
অন্যদিকে বগুড়া, ঠাকুরগাঁও ও লক্ষ্মীপুরের বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো বিভাগ অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হয়নি। বিভাগ অনুমোদন এবং ইউজিসির সিদ্ধান্তের পর এসব প্রতিষ্ঠানের আসনসংখ্যা নির্ধারণ করা হবে। প্রাথমিকভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ১০০ থেকে ১৫০টি আসন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের একাধিক বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথকভাবে পরীক্ষা দেওয়ার চাপ ও যাতায়াতের ভোগান্তি কমানো। ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে চালু হওয়া এ ব্যবস্থায় একটি পরীক্ষার ফলের ভিত্তিতে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান শিক্ষার্থীরা। নতুন প্রতিষ্ঠান যুক্ত হলে এ সুযোগ ও আসনসংখ্যা—দুটিই বাড়বে।
সদ্য সংবাদ/এজে