নিজের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুঁইয়া মোনামি। এ ঘটনায় নিজের অবস্থান জানিয়ে সোমবার (১৬ নভেম্বর) ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।
পোস্টে মোনামি জানান, এক বন্ধুর শেয়ার করা একটি ভিডিও শুধু বন্ধুদের জন্য উন্মুক্ত ছিল। পরে তিনি সেটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন। বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের কাছে ব্যক্তিগত পোস্টটি নিরাপদ থাকবে বলে তাঁর ধারণা ছিল। কিন্তু ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানোয় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানো ব্যক্তির উদ্দেশে মোনামি লেখেন, ‘হয়তো কিছু অর্থ উপার্জনের জন্যই এমনটি করা হয়েছে। তবে আল্লাহর কাছে তাঁর প্রার্থনা, তিনি যেন সম্মানজনক ও হালাল উপায়ে উপার্জনের পথ খুঁজে পান।’
নিজের নাচের বিষয়ে তিনি বলেন, তাঁর বয়স কিংবা শারীরিক গঠন নাচের জন্য আদর্শ কি না, তা নিয়ে তিনি চিন্তিত নন। একজন নৃত্যশিল্পীর জন্য নির্দিষ্ট বয়স বা শারীরিক গঠন অপরিহার্য—এমন ধারণার ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
নাচের ভিডিও প্রকাশ হলে রাজনৈতিকভাবে বিদ্বেষী ব্যক্তিদের ট্রলের শিকার হতে পারেন, এমন আশঙ্কা তাঁর ছিল। তবে এতে বিচলিত হননি বলে জানান মোনামি। কারণ, অনুষ্ঠানটি ছিল তাঁর একমাত্র ভাইয়ের গায়ে হলুদ। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তাঁর অনেক দিনের।
পোস্টে তিনি আরও লেখেন, ‘ওই অনুষ্ঠানে নেচে তিনি কোনো লজ্জা বা বিব্রতবোধ করছেন না। নাচ ছিল তার আনন্দ প্রকাশের একটি মাধ্যম। একটার তো ভিডিও পেয়েছেন। ৫টায় নেচেছি। বেশ করেছি।’
সদ্য সংবাদ/ এআর