চট্টগ্রামের সাংবাদিকদের তীব্র আপত্তি ও প্রতিবাদের পর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমনির অংশগ্রহণ বাতিল করেছেন আয়োজকেরা। আগামী ২৮ নভেম্বর নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি আয়োজনের কথা রয়েছে।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল পরীমনির। এ নিয়ে সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অনুষ্ঠানের পোস্টারও প্রকাশ করেন তিনি। সেখানে নিজের ছবি যুক্ত করে চট্টগ্রামের দর্শকদের উদ্দেশে লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’
তবে অনুষ্ঠানে তার অংশগ্রহণের বিষয়টি সামনে আসতেই আপত্তি জানান স্থানীয় সাংবাদিকেরা। ঢাকা আদালত প্রাঙ্গণে এক সাংবাদিককে প্রকাশ্যে অপদস্থ করার অভিযোগকে কেন্দ্র করে পরীমনিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের বিরোধিতা করেন তারা।
এ ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশের পাশাপাশি অনুষ্ঠান বর্জন ও প্রতিহত করার ঘোষণা দেয় চট্টগ্রামের কয়েকটি সাংবাদিক সংগঠন। তাদের এমন অবস্থানের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি।
এ বিষয়ে আয়োজক কমিটির এক সদস্য জানান, সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার আগেই পরীমনির সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে চুক্তি হয়েছিল। কিন্তু গণমাধ্যমকর্মীর প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগে সাংবাদিকদের প্রতিবাদের বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরীমনির ছবি সরিয়ে নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস