ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো হবে কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এ নিয়ে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত টেলিফোন কথোপকথন হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানায়, ফোনালাপে মূলত ইরানকে কেন্দ্র করে দুই দেশের অবস্থানগত পার্থক্য নিয়ে আলোচনা হয়। বিশেষ করে তেহরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে মতবিরোধ স্পষ্ট হয়ে ওঠে।
প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট একটি সূত্র দুই নেতার কথোপকথনকে অত্যন্ত উত্তেজনাপূর্ণ বলে বর্ণনা করেছে। তবে নেতানিয়াহুর কার্যালয় এমন খবর নাকচ করেছে। তাদের দাবি, ফোনালাপ নিয়ে প্রকাশিত তথ্য ভিত্তিহীন এবং কথোপকথনে উত্তেজনার কোনো ঘটনা ঘটেনি। ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তাও আলাপটি সংঘাতপূর্ণ ছিল না বলে জানিয়েছেন।
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করতে ট্রাম্পকে নিয়মিত চাপ দিয়ে আসছেন নেতানিয়াহু। এ বিষয়ে আলোচনায় অবগত এক ব্যক্তির বরাতে সংবাদমাধ্যমটি জানায়, প্রায় প্রতিদিনই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করে সামরিক পদক্ষেপের পক্ষে নিজের অবস্থান তুলে ধরছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
নেতানিয়াহুর এই প্রচেষ্টায় মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব ও মুসলিম দেশের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাঁরা ট্রাম্পকে নতুন করে সংঘাতে জড়ানোর পরিবর্তে কূটনৈতিক সমাধানের পথে এগোনোর আহ্বান জানিয়েছেন।
এদিকে সোমবার ট্রাম্প জানিয়েছেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ উপসাগরীয় মিত্রদেশগুলো ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চায় না। তাঁর ভাষায়, চলমান পরিস্থিতিতে সংঘাত অবসানের ইতিবাচক অগ্রগতি রয়েছে এবং ইরানে আবারও মার্কিন হামলা চালানোর সম্ভাবনা খুবই কম।
একই অবস্থানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার তিনি বলেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার প্রয়োজনীয়তা আপাতত দেখছে না ওয়াশিংটন। তাঁর মতে, তেহরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জনে অগ্রগতি হচ্ছে।
তবে সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি রুবিও। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের নির্ধারিত ‘লাল রেখা’ অতিক্রম করা হলে প্রয়োজনীয় জবাব দিতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার কথাও জানান তিনি।
অন্যদিকে, কাতার জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার উদ্যোগে দুই পক্ষ থেকেই ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এরপর সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
সদ্য সংবাদ/এজে