এরদোয়ানের সঙ্গে বৈঠকে নতুন উচ্চতায় বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক: হুমায়ুন কবীর

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১১:২৮:২৮
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা শিল্প, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ কয়েকটি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও তুরস্ক। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

হুমায়ুন কবীর জানান, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে তুরস্কে পৌঁছানোর পরপরই প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনায় দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব আরও বিস্তৃত করার বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পরিকল্পনায় তুরস্কের অংশগ্রহণ এবং যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দেশে একটি প্রতিরক্ষা শিল্প পার্ক প্রতিষ্ঠার উদ্যোগের কথা তুলে ধরে এ খাতে তুরস্কের অভিজ্ঞতা ও বিনিয়োগ কাজে লাগানোর আগ্রহ জানায় বাংলাদেশ। তবে এ বিষয়ে এখনো কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি। বিষয়টি প্রাথমিক আলোচনা ও সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

এ ছাড়া জ্বালানি খাতে সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা নিয়ে কথা বলেছেন দুই দেশের নেতারা। গভীর সমুদ্রে খনিজ ও জ্বালানি অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি এবং প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বিমান চলাচল খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনাও আলোচনায় স্থান পায়।

বৈঠকের পরিবেশ সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই নেতার আলোচনা ছিল আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ। প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘আমার মূল্যবান বন্ধু ও ভাই’ বলে সম্বোধন করেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

রোহিঙ্গা সংকট নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। হুমায়ুন কবীর জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে কথা হয়েছে। চলতি নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা ইস্যুতে শুনানির পর যৌথ উদ্যোগ কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, তা নিয়েও মতবিনিময় করেন তাঁরা। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার বিষয়ে দুই পক্ষ আলোচনা করেছে।

মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিও বৈঠকে উঠে আসে বলে জানান প্রতিমন্ত্রী।

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু অর্থায়ন নিয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরেছে সরকার। হুমায়ুন কবীর বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং জলবায়ু অর্থায়ন সহজলভ্য করার ক্ষেত্রে বাংলাদেশ আরও সক্রিয় ভূমিকা রাখতে চায়। কপ-৩১ সম্মেলনের বিভিন্ন অধিবেশন ও বিষয়ভিত্তিক সংলাপে বাংলাদেশের প্রতিনিধিরা অভিযোজন, অর্থায়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির বিষয়গুলো তুলে ধরবেন।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের মধ্যে নির্বাচিত কয়েকজনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন তুরস্কের প্রেসিডেন্ট। সেই তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক বাংলাদেশের প্রতি আঙ্কারার বিশেষ গুরুত্বের ইঙ্গিত বহন করে।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও তাঁর সহধর্মিণীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে ইস্তাম্বুলে যাত্রাবিরতির সময় তুরস্কের প্রেসিডেন্টের বিশেষ আতিথেয়তায় ভিভিআইপি স্টেট গেস্ট হাউসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। পরে আন্তালিয়ায় পৌঁছালে দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী তাঁকে অভ্যর্থনা জানান এবং গার্ড অব অনার দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর বুধবারের কর্মসূচিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রেস সচিব সালেহ শিবলী এবং উপপ্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন