বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেল শান্তি পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পুলিশ এ তথ্য জানিয়েছে।
আল জাজিরার বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে চট্টগ্রামে বুধবার মধ্যরাতের আগে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত দেশে ফেরাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতা চলার মধ্যে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার হাসিনার সমর্থকেরাও বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর প্রায় ১৮ মাস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেন ড. মুহাম্মদ ইউনূস।
পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক স্থানীয় গণমাধ্যমকে জানান, ইউনূসের বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়। টহলরত পুলিশ সদস্যরা আগুন দেখতে পেয়ে দ্রুত তা নিভিয়ে ফেলেন।
তবে কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
চট্টগ্রাম মহানগর পুলিশের মুখপাত্র আমিনুর রশিদ বলেন, দুর্বৃত্তরা বাড়িটির পূর্ব পাশের একটি অংশে আগুন দিয়েছে। ওই জায়গাটি গুদামঘর হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
তিনি জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার তদন্ত চলছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের একটি অংশের বিরূপতার মুখে পড়েছেন ইউনূস। তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক জানিয়েছে, গত কয়েক দিনে তাদের ২২টি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ ছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে শেখ হাসিনার পরিকল্পিত প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৭৯ বছর বয়সী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতে অবস্থান করছেন। মৃত্যুদণ্ডের মুখে থাকলেও ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।
চলতি মাসের শুরুতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, মৃত্যুও তাঁকে বাংলাদেশে ফেরা থেকে আটকাতে পারবে না।
২০২৪ সালের আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছর একটি আদালত শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।
তবে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন সরকার প্রত্যাখ্যান করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার দেশব্যাপী ‘লকডাউন’ কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগ। এর পর বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এর আগে চলতি সপ্তাহে গোপালগঞ্জে বিক্ষোভকারীরা একটি থানা ও এক সংসদ সদস্যের বাড়িতে আগুন দেন।
পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, সেখানে সংঘর্ষে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বুধবার থেকে এখন পর্যন্ত ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সদ্য সংবাদ/ এরআর