প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনে জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করা হয় না। বাড়িটির সম্পূর্ণ বিদ্যুৎ চাহিদা সৌরবিদ্যুৎ ও ব্যাটারির মাধ্যমে পূরণ করা হয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তারের উত্থাপিত একটি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে জবাব দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। সংসদের কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী বিষয়টি উত্থাপন করা হয়।
বিদ্যুৎমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বাসভবন এখন জাতীয় গ্রিডের বাইরে রয়েছে। সেখানে সৌরবিদ্যুতের পাশাপাশি ব্যাটারি স্থাপন করা হয়েছে। ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণের ফলে ২৪ ঘণ্টাই বাসভবনে বিদ্যুৎ সরবরাহ সচল থাকে।
সংসদে মন্ত্রী দেশের বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর সরকারি পরিকল্পনাও তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী মোট বিদ্যুৎ উৎপাদনের ৩০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে পাওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। প্রথম পাঁচ বছরে এ খাত থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের জন্য ১০ হাজার মেগাওয়াট সক্ষমতা অর্জনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের পাশাপাশি সংশ্লিষ্ট আইন সংসদে উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি। সৌরবিদ্যুৎ খাতে মানুষের আগ্রহ বাড়াতে রাজধানীতে দুই দিনব্যাপী জাতীয় প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে বিপুলসংখ্যক দর্শনার্থী অংশ নিয়েছেন। ভবিষ্যতে বিভাগীয় ও জেলা পর্যায়েও এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হবে।
বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগকারীদের আস্থা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তাঁর দাবি, এ-সংক্রান্ত অধ্যাদেশ জারির দুই মাসের মধ্যে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে।
বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনকারীদের জন্যও আর্থিক সুবিধার কথা জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, নিজস্ব ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনবে।
মন্ত্রীর হিসাব অনুযায়ী, প্রতি ইউনিট সৌরবিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ আট টাকা ব্যয় হতে পারে। সে হিসাবে উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে উৎপাদনকারীরা প্রতি ইউনিটে দুই টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
তিনি আরও জানান, ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পাশাপাশি ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থাও রাখা হচ্ছে। এতে বাড়ির বাসিন্দারা নিজেদের বিদ্যুতের চাহিদা পূরণের পর বাড়তি বিদ্যুৎ বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতে পারবেন।
সদ্য সংবাদ/এজে