জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তাঁর দাবি, ২০২৪-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় শফিকুর রহমানের অভিভাবকসুলভ অবস্থান দেশের রাজনীতিকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ডাকসু ভিপি।
পোস্টে সাদিক কায়েম লেখেন, সংসদে জনগণের পক্ষে কথা বলার মাধ্যমে ডা. শফিকুর রহমান ক্ষমতাসীন বিএনপি সরকারের ব্যর্থতা ও দায় এড়িয়ে যাওয়ার প্রবণতার বিপরীতে অবস্থান নিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, গত ১৭ বছরে বিদেশি এজেন্সির সঙ্গে বিএনপি নেতাদের একাধিক বৈঠক এবং অতীতের পররাষ্ট্রনীতি নিয়ে ক্ষমা চাওয়ার বিষয়গুলো সামনে আনার পাশাপাশি সীমান্তে সাধারণ মানুষের প্রতিরোধের স্বীকৃতি দিয়েছেন জামায়াত আমির।
সাদিক কায়েমের ভাষ্য, শফিকুর রহমানের বক্তব্যের বিভিন্ন দিক সরকারের কর্মকাণ্ডে হতাশ জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
পোস্টের শেষাংশে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক দিকনির্দেশনা নিয়েও নিজের প্রত্যাশার কথা জানান ডাকসু ভিপি। তিনি বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে জবাবদিহিমূলক, জনকল্যাণমুখী এবং আধিপত্যবাদের কাছে মাথানত না করার বাংলাদেশ—ইনশাআল্লাহ।
সদ্য সংবাদ/এজে