নিজের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
একই অভিযোগ তুলে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে রাত ২টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্টটি পাওয়া যায়নি।
নিজের পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
অন্যদিকে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পোস্টে দাবি করা হয়, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।
সদ্য সংবাদ/ এআর