বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে এনজিওপ্লাস্টির মাধ্যমে স্টেন্ট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
পরিবারের এক সদস্যের বরাতে জানা গেছে, হাসপাতালে ভর্তির পর মন্ত্রীর এনজিওগ্রাম পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে হৃদ্যন্ত্রে তিনটি ব্লকের উপস্থিতি ধরা পড়ে। এরপর চিকিৎসকেরা স্টেন্ট স্থাপনের সিদ্ধান্ত নেন। এদিকে তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।
মন্ত্রীর চিকিৎসার দায়িত্বে রয়েছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান। চিকিৎসক দলের নেতৃত্বে তিনিই প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন।
এর আগে শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে এনজিওগ্রাম করা হয়। হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেন।
পরিবারের সদস্য জানান, দেশের চিকিৎসাসেবার প্রতি মানুষের আস্থা বাড়ানোর লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি নরসিংদী-১ আসনের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সদ্য সংবাদ/এসএস