অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলার পরিপ্রেক্ষিতে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার এবং সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার।
বুধবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন দুটি প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মো. তারেক সেকান্দার বর্তমানে রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার ছিলেন। তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার ভিত্তিতেই তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
বরখাস্ত থাকাকালে তারেক সেকান্দারকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বিধি অনুযায়ী এ সময় তিনি খোরপোষ ভাতা পাবেন।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বর্তমানে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন। এর আগে তিনি রাজবাড়ীর পাংশা সার্কেলের সার্কেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে গত ১৮ আগস্ট বিভাগীয় মামলা করা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বরখাস্তকালীন দেব্রত সরকার পুলিশ সদর দপ্তরে সংযুক্ত থাকবেন এবং নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
সদ্য সংবাদ/এজে