জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আবদুল মোতালেব হত্যার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ফের সাত দিনের রিমান্ড চেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্তে পাঁচটি বিষয় সামনে রেখে মঙ্গলবার আদালতে এ আবেদন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক আবেদনটি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
ডিবির আবেদনে বলা হয়েছে, সাঈদ খোকনের কাছ থেকে পাওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি তার দেওয়া তথ্যের ভিত্তিতে অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো প্রয়োজন। এ ছাড়া হত্যাকাণ্ডে জড়িত অন্যদের অবস্থান শনাক্ত, ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং হত্যার পরিকল্পনাকারীদের পরিচয় ও ঠিকানা বের করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা দরকার।
এর আগে গত ১৭ নভেম্বর সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে এসআরবি। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই আদালত তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি মিছিলে অংশ নেওয়া কিশোর আবদুল মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওই বছরের ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।
মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭৬ জনকে আসামি করা হয়। এ তালিকায় সাবেক মেয়র সাঈদ খোকনের নামও রয়েছে।
সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। ২০১৫ সালে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনয়নে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
সদ্য সংবাদ/এজে