দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদকে ভূষিত করেছে সরকার। আটটি পৃথক ক্যাটাগরিতে নির্বাচিতদের হাতে সম্মাননা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেন তিনি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এবারের আয়োজনে মোট ২৩টি পদকের মধ্যে আটটি স্বর্ণ এবং ১৫টি রৌপ্যপদক দেওয়া হয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রাণিসম্পদ খাতের অগ্রযাত্রায় তাদের নিষ্ঠা, পরিশ্রম ও অবদান বিশেষভাবে প্রশংসার দাবিদার। এ স্বীকৃতি শুধু বিজয়ীদের জন্য নয়, বরং দেশের খামারি, উদ্যোক্তা ও গবেষকদের জন্যও নতুন উদ্দীপনা তৈরি করবে।
প্রাণিসম্পদ খাতের সম্ভাবনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দক্ষ উদ্যোক্তা, মেধাবী গবেষক এবং অভিজ্ঞ খামারিদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদ ও প্রাণিজ পণ্যের একটি পরিচিত ব্র্যান্ড হয়ে উঠতে পারে।
তিনি বলেন, দেশের উৎপাদিত প্রাণী ও প্রাণিজ পণ্য বিদেশে রপ্তানির সুযোগ বাড়াতে হলে আন্তর্জাতিক খাদ্যনিরাপত্তা এবং কোয়ারেন্টাইন নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ জন্য আধুনিক প্রক্রিয়াজাতকরণ অবকাঠামো ও রোগমুক্ত উৎপাদন অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পরিকল্পিত উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্টদের দক্ষতা কাজে লাগানো গেলে প্রাণিসম্পদ খাত ভবিষ্যতে দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখবে। একই সঙ্গে এ খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনাও তৈরি হবে।
সদ্য সংবাদ/এজে