চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্মাণকাজের উপকরণ সংরক্ষণকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। সংঘর্ষের পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন হামলার অভিযোগ ওঠা এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেটসংলগ্ন সানমার কলোনিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, নির্মাণকাজে ব্যবহারের জন্য বাঁশ ও কাঠ রাখাকে কেন্দ্র করে নূর ইসলাম ও প্রতিবেশী মোহাম্মদ আলমের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে গড়ায়।
এ সময় মোহাম্মদ আলম ও তাঁর লোকজনের বিরুদ্ধে নূর ইসলাম, আনোয়ার ও নজরুল ইসলামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত আনোয়ারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অন্যদিকে, সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত মোহাম্মদ আলমের বাড়িতে চড়াও হয়। সেখানে ভাঙচুরের পর অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, নির্মাণসামগ্রী রাখা নিয়ে বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। এ ঘটনায় অভিযুক্তসহ তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে হামলা চালায়।
ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে ওসি বলেন, তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/এজে