ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনি হত্যা মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০১৫ সালে কথিত বন্দুকযুদ্ধের নামে জনিকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুরোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাহিদার ভিত্তিতে পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবারই তাকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে।
আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। গ্রেপ্তারের আগে তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি রাজধানীর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে খিলগাঁও থানা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে আটক করে পুলিশ। এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্রদল নেতা মহিউদ্দিন। পরদিন ভোরে খিলগাঁও খেলার মাঠে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় জনি নিহত হন। ঘটনাটি সাজানো ছিল বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বরে জনির বাবা মো. ইয়াকুব আলী ছেলের হত্যার বিচার চেয়ে মামলা করেন। এতে সাবেক ও বর্তমান ১৩ পুলিশ কর্মকর্তাসহ মোট ৬২ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে আওয়ামী লীগ এবং দলটির বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ৪৯ নেতাকর্মী রয়েছেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে আসামি করা হয়েছে।
সদ্য সংবাদ/এজে