আসন্ন শীত মৌসুমে অসহায়, শীতার্ত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ কম্বল সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকা ব্যয়ে কম্বল কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব কম্বল সংগ্রহ করা হবে। বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পায়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।
চলতি অর্থবছরে কম্বল কেনার জন্য সরকারের বরাদ্দ রয়েছে ৫৭ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে ১০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৭৩২ টাকার কম্বল কেনার প্রস্তাব আগেই অনুমোদিত হয়েছিল। অবশিষ্ট অর্থ ব্যয়ে নতুন করে কম্বল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, প্রচলিত উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কম্বল সংগ্রহ করতে দীর্ঘ সময় লাগতে পারে। এতে শীতের তীব্রতা বাড়ার আগেই দুর্গত ও অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ডিসেম্বর থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় শীতের প্রকোপ বাড়তে পারে। এ কারণে দ্রুত ক্রয় নিশ্চিত করতে সরাসরি পদ্ধতি বেছে নেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পুরো কার্যক্রম বাস্তবায়ন করবে। কম্বল কেনার ব্যয় মেটানো হবে সরকারের নিজস্ব অর্থায়নে।
সদ্য সংবাদ/এজে