পার্বত্য অঞ্চলের যুবকদের কর্মদক্ষতা বাড়িয়ে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। এর অংশ হিসেবে জেলার ১০টি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ৪০টি সেলাই মেশিন ও ১০টি লক মেশিন বিতরণ করা হয়েছে। এসব যন্ত্রপাতি ব্যবহার করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
অনুষ্ঠানে তিনি বলেন, যুবসমাজের মেধা, শ্রম ও সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে রাঙামাটিতে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। তরুণদের দক্ষ করে গড়ে তোলা এবং তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে দারিদ্র্য কমাতে চায় জেলা পরিষদ।
প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে চেয়ারম্যান বলেন, জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করাই তাদের লক্ষ্য। যুবকদের সম্পৃক্ত করে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার কথাও জানান তিনি।
দীপন তালুকদার দীপু আরও বলেন, রাঙামাটির প্রতিটি উপজেলার তরুণদের সংগঠিত করে তাদের দক্ষতা ও কর্মক্ষমতা বাড়াতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে একটি সক্ষম যুবসমাজ গড়ে তুলতে পারলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য ও দারিদ্র্য বিমোচন এবং আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রকল্প পরিচালক উথোয়াই মং মারমা। বিশেষ অতিথি ছিলেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিমসহ অন্যান্য সদস্য।
জেলা পরিষদ সূত্র জানায়, প্রতিটি উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে চারটি করে সেলাই মেশিন এবং একটি করে লক মেশিন দেওয়া হয়েছে। এসব সরঞ্জামের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া হবে।
সংশ্লিষ্টদের আশা, এই প্রশিক্ষণ বিশেষ করে নারীদের দক্ষতা অর্জন ও আয়মূলক কাজে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধি এবং পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও কর্মসূচিটি ভূমিকা রাখবে।
সদ্য সংবাদ/এজে