গোপালগঞ্জে চলমান উত্তেজনাকর পরিস্থিতির কারণে ট্রেন চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বেনাপোল-ঢাকা রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেসের নির্ধারিত পথেও ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। তবে বিকল্প রুট ব্যবহার করে চলবে জাহানাবাদ এক্সপ্রেস।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রেলওয়ে কর্তৃপক্ষের জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
রেলওয়ের পরিপত্রে বলা হয়েছে, গোপালগঞ্জ ও আশপাশের এলাকায় নিরাপদে ট্রেন চলাচলের বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় নিশ্চয়তা বা সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এ কারণে যাত্রী ও রেলওয়ের সম্পদের নিরাপত্তা বিবেচনায় রেলভবনের অনুমোদন নিয়ে ট্রেন দুটির নির্ধারিত রুটে চলাচল বাতিল করা হয়েছে।
বেনাপোল রেলস্টেশনের মাস্টার মোছা. পারভীনা খাতুন জানান, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার রূপসী বাংলা ও জাহানাবাদ এক্সপ্রেসের নির্ধারিত পথে চলাচল বন্ধ রাখা হয়েছে।
যশোর রেলস্টেশনের মাস্টার সাইদুর রহমান জানান, জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে পোড়াদহ, রাজবাড়ী হয়ে ঢাকায় যাতায়াত করবে। ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে ট্রেনটি। আর খুলনা থেকে সকাল ৮টায় যাত্রা শুরু করে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
বিকল্প পথে জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রাবিরতি থাকবে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কামারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে।
অন্যদিকে, বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার আয়নাল হক জানান, গত ১৯ নভেম্বর থেকেই বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বন্ধ রয়েছে।
এদিকে ট্রেনের নির্ধারিত যাত্রা বাতিল হওয়ায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। হঠাৎ রুট পরিবর্তন ও ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্তে বেনাপোল, যশোরসহ সংশ্লিষ্ট এলাকার যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।
সদ্য সংবাদ/এসএস