মহান বিজয় দিবস উদ্যাপনে দেশের সব মাদ্রাসার জন্য একগুচ্ছ কর্মসূচি নির্ধারণ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ১৬ ডিসেম্বর জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বোর্ডের জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে দেশের সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠানপ্রধান, পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বিজয় দিবসের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা মেনে প্রতিটি মাদ্রাসা ভবনে পতাকা উত্তোলন করতে হবে। সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানে জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের আয়োজন থাকবে। এসব আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিষ্ঠানপ্রধানদের।
মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজনের কথাও জানিয়েছে বোর্ড। এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা লেখা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে।
ক্রীড়া আয়োজনেও থাকছে বিশেষ গুরুত্ব। বিজয় দিবস উপলক্ষে ফুটবল, টি-টোয়েন্টি ক্রিকেট, কাবাডি ও হা-ডু-ডু প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশ নিতে উৎসাহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সুবিধাজনক সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের কথাও বলা হয়েছে।
এ ছাড়া বিজয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা এবং জীবিত বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করতে হবে। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য প্রার্থনার নির্দেশনা রয়েছে।
এদিকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের জন্যও পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব মাদ্রাসাকে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
বোর্ডের নির্দেশনায় বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরার পাশাপাশি নির্ধারিত কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এজে