গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে ময়মনসিংহে কর্মরত এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এ অভিযোগের পর তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে তাঁর ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত মোবাইল ফোন।
প্রত্যাহার হওয়া ওই কর্মকর্তার নাম সেলিম মিয়া। তিনি ময়মনসিংহ নগরের ২ নম্বর পুলিশ ফাঁড়িতে পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৭ সেপ্টেম্বর তিনি সেখানে যোগ দেন। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলায়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তাঁকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। তবে পুলিশ সুপারের দাবি, এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। অভিযোগের সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্রের তথ্য অনুযায়ী, গোয়েন্দা প্রতিবেদনে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় সেলিম মিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে তাঁকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্র আরও জানিয়েছে, জব্দ করা ফোন দুটি আদালতের মাধ্যমে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এসব ফোনের তথ্য বিশ্লেষণ করে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়ার আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে পুলিশি নজরদারির মধ্যে থাকায় এবং ব্যক্তিগত মোবাইল ফোন জব্দ থাকায় এ বিষয়ে সেলিম মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁর সংশ্লিষ্টতা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তদন্তের ফলাফলের ওপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে।
সদ্য সংবাদ/এজে