ইতালিতে অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। একই সঙ্গে বাঁধনের প্রতি সংহতি জানিয়ে তার পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম বাঁধনের সাহস ও দেশের জন্য তার ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের মানুষের মুক্তির জন্য বাঁধন যে অবস্থান নিয়েছেন, সে কারণে তাকে নিয়ে তারা গর্বিত।
পোস্টে হামলাকারীদের কঠোর সমালোচনা করেন সারজিস। তিনি অভিযোগ করেন, হামলার শিকার হওয়ার পরও বাঁধন তাদের ‘বাঙালি ভাই’ হিসেবে সম্বোধন করেছেন। তবে হামলাকারীদের আচরণকে মানবিকতাবিবর্জিত উল্লেখ করে তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সারজিস আরও বলেন, এ ধরনের ঘটনার কারণে বাঁধনের মন খারাপ করার প্রয়োজন নেই। তিনি আশ্বস্ত করে বলেন, বাঁধনের পাশে তারা সবাই রয়েছেন এবং ‘পুরো বাংলাদেশ’ তার সঙ্গে আছে।
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হওয়ার অভিযোগ করেন আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে ইতালির একটি সড়কে কয়েকজন বাঙালি যুবক তার দিকে এগিয়ে আসেন এবং তাদের মধ্যে একজন তার দিকে পানি ছুড়ে মারেন। এ সময় আরেকজন তাকে মারতে উদ্যত হন বলে ভিডিওতে দেখা যায়।
ঘটনার পর ফেসবুক লাইভে এসে বাঁধন ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। লাইভে তাকে আতঙ্কিত অবস্থায় দেখা যায় এবং তার মুখেও আঘাতের চিহ্ন ও ফোলা ভাব ছিল।
এ ঘটনায় ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি দেশের বিভিন্ন মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
সদ্য সংবাদ/এসকে