বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকায় দলের প্রত্যেক নেতাকর্মীকে মন্ত্রী-এমপি হওয়ার প্রত্যাশায় না থেকে সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সরকারের অংশ হিসেবে দলীয় নেতাকর্মীদের দায়িত্ব এখন জনগণের কাছে সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল পৌঁছে দেওয়া।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধনের আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ক্ষমতায় থাকা মানেই দলের প্রত্যেক নেতাকর্মীকে কোনো পদ-পদবি পেতে হবে এমনটা নয়। সরকারের কার্যক্রমকে এগিয়ে নিতে প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করার সুযোগ রয়েছে।
রিজভীর ভাষ্য, বিএনপি সরকারে থাকায় দলের নেতাকর্মীরা এখন তুলনামূলকভাবে স্বাভাবিক পরিবেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন। অতীতে মহিলা দলের নেতাকর্মীদের ওপর বিভিন্ন সময়ে দমন-পীড়ন, মামলা, গ্রেপ্তার ও হয়রানির ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের নেত্রীদের অতীত আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ করে রিজভী বলেন, রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে তাদের বারবার আটক ও কারাবরণ করতে হয়েছে। ডিবি কার্যালয়ে নেওয়া থেকে শুরু করে আদালত ও কারাগারে পাঠানোর ঘটনাগুলোও তিনি তুলে ধরেন।
তিনি বলেন, বর্তমান সরকারের বিভিন্ন পর্যায়ে মহিলা দলের নেতাকর্মীদের প্রতিনিধিত্ব রয়েছে। সংগঠনটির নেত্রীদের কেউ সংসদ সদস্য হয়েছেন, কেউ মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন এটিকে দলের জন্য অর্জন হিসেবে দেখেন তিনি।
মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, সরকারের নেওয়া কর্মসূচিগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে হবে। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগগুলো সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরতে হবে।
তিনি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের নারীদের সহায়তার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
রিজভী আরও বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় নানা বাধা, মামলা, গ্রেপ্তার ও পুলিশের চাপের মধ্যেও মহিলা দলের নেতাকর্মীরা রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন। এখন দেশের মানুষের কল্যাণে সরকারের কর্মসূচি বাস্তবায়নেও তাদের একইভাবে ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
দলের নেতাকর্মীদের প্রতি সরকারের কার্যক্রম সম্পর্কে ভালোভাবে জানার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি ও তাদের জোট সরকার জনগণের আর্থিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের জন্য কী কী উদ্যোগ নিয়েছে, সেগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে।
পরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। এ সময় সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস