দেশে চলমান গ্যাস, তেল ও জ্বালানি সংকট নিরসনে সরকারকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার সকালে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত পথসভায় তিনি এ অভিযোগ করেন।
শফিকুর রহমান বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় তাদের দলের একটি কারিগরি বিশেষজ্ঞ দল রয়েছে। সংকট সমাধানের কাজে ওই বিশেষজ্ঞদের সরকারের সঙ্গে যুক্ত করার আগ্রহের কথা জানানো হয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তিনি বলেন, সংকট সমাধানের কৃতিত্ব সরকারই নিক এ নিয়ে তাদের কোনো আপত্তি নেই। মানুষের দুর্ভোগ কমানোই মূল বিষয়। দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে সাধারণ মানুষকে জ্বালানি সংকটের ভোগান্তি থেকে মুক্ত করার আহ্বান জানান তিনি।
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তার অভিযোগ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও অস্থিরতার কারণে সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে। সারা দিনের ক্লান্ত কাজ করে ঘরে ফিরবে মানুষ, কিন্তু বিদ্যুৎ নেই। এখন বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে বিদ্যুৎ আসে।’
বিদ্যুৎ পরিস্থিতির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, দিনভর পরিশ্রমের পর মানুষ যখন ঘরে ফেরে, তখনও বিদ্যুৎ নিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তার ভাষায়, বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে বিদ্যুৎ যাওয়ার চেয়ে আসাটাই যেন ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে।
এর আগে ভোরে ধুনটের মানিকপোটল গ্রামে গিয়ে ১৯৬৯ সালের ইসলামী শিক্ষা আন্দোলনের নেতা এবং তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের সভাপতি শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন জামায়াত আমির। এ সময় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরে শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের নির্মাণকাজের উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেদ এবং ধুনট উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আমিনুল ইসলামসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
সদ্য সংবাদ/এসএস