ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈঠকে সিটি নির্বাচন প্রস্তুতি, ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নাগরিক বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন গড়ে তোলার বিষয়ে দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দল সমর্থিত সম্ভাব্য দুই মেয়র প্রার্থী নাসীরউদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এ সময় ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগর এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
সভায় আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে দলীয় প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মহানগরের রাজনৈতিক পরিস্থিতি এবং ওয়ার্ড পর্যায়ে দলকে আরও সক্রিয় করার বিষয়ে নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে পতিত ও পলাতক আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়ার্ডভিত্তিক প্রতিরোধ গড়ে তোলা এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
পাশাপাশি রাজধানীর বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত করে সেসব ইস্যুতে জনসম্পৃক্ত আন্দোলন গড়ে তোলার বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় সিটি নির্বাচনকে কেন্দ্র করে মহানগরের ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সদ্য সংবাদ/এসকে